পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে ৩০ জনের বেশি সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানায়, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সন্ত্রাসীরা বাজাউরের প্রত্যন্ত এলাকার একটি মসজিদে ঘাঁটি তৈরি করেছিল। বড় ধরনের হামলার জন্য বোমা তৈরির সময় দুর্ঘটনাক্রমে তা বিস্ফোরিত হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে মসজিদ ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থলেই ৩০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়। তাদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সন্ত্রাসীরা আফগানিস্তানের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো। ঘটনার তদন্ত করছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার গভীর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৫ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। যার মধ্যে একজন আত্মঘাতী বোমা হামলাকারীও ছিল। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানের বীরমাল তহসিলের করমজি স্টপের কাছে সন্দেহভাজন সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। সন্দেহভাজনরা করমজাই খাইল মসজিদে লুকিয়ে ছিলো। সেখানে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়।

সূত্র আরো জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন দুটি মর্টার শেল নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এরফলে আটজন আহত হয়। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন