ইরানি এমপির হুঁশিয়ারি

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো ইরানে হামলা চালালে দেশটির পাল্টা জবাব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। একই সঙ্গে এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের শাহিন শহর এলাকার সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো নতুন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে এবং প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ ডলারের সীমা অতিক্রম করতে পারে।

তিনি বলেন, ইরানের পাল্টা জবাব কোনো হামলার মাত্রা কিংবা ভৌগোলিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং এর প্রতিক্রিয়া হবে ‘ব্যাপক, বহুগুণ বিস্তৃত ও কৌশলগত’। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধের একটি ধরন’ হিসেবে আখ্যায়িত করেছেন এই আইনপ্রণেতা। তিনি সতর্ক করে বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এর জবাবে হামলা চালাবে।

তার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

তবে সংসদ সদস্যের এই বক্তব্য ইরানের আনুষ্ঠানিক সামরিক সিদ্ধান্ত বা ক্ষেপণাস্ত্র হামলার নিশ্চিত ঘোষণা নয়; এটি তার ব্যক্তিগত হুঁশিয়ারি হিসেবে বিবেচিত।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন