আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ১

আমার দেশ অনলাইন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ১

গতকাল শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ এই হামলায় তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলার কারণে জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

বিজ্ঞাপন

এমডিএ জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে ৬৫ ও ৫০ বছর বয়সি আরও দুই ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ আরো জানায়, দক্ষিণ ইসরাইলি শহর কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সি দুই ব্যক্তি শেল বা বিস্ফোরণের টুকরোয় আহত হয়েছেন এবং তাদেরক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম থেকে প্রকাশিত ছবিতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ছবিতে দেখা যায়, একটি প্রধান সড়কের কিছু অংশ নিরাপত্তার কারণে আংশিকভাবে ঘিরে রাখা হয়েছে।

সেনাবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে ক্ষেপণাস্ত্র আঘাতের একটি স্থান থেকে হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মিকি ডেভিড জানান, একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্লাস্টার মিউনিশন (এক ধরনের বিভক্ত বোমা) আঘাত হেনেছে।

ক্লাস্টার বোমা মাঝ আকাশে বিস্ফোরিত হয় এবং একটি বিস্তৃত এলাকাজুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরাইল এর আগেও একে অপরকে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে একটি ভিডিও ফুটেজ দিয়েছেন। ওই ভিডিওতে জেরুজালেমের দিকে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এ সময় ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইসরাইলের বিভিন্ন আঘাতস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।

এএফপির সংবাদদাতারা জানান, তারা ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেরিকো থেকে বিস্ফোরণের শব্দ এবং জেরুজালেমে বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরাইলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষাব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’

পরবর্তী এক বার্তায় তারা জানায়, ‘জরুরি অবস্থা মোকাবেলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ উদ্ধারকারী দলগুলো সক্রিয়ভাবে মধ্য ইসরাইলে কাজ করছে।

আজ শনিবার ভোর হতে না হতেই ইসরাইলের সেনাবাহিনী সতর্ক করে জানায়, ইরান থেকে তাদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের দুটি বৃহৎ ইস্পাত কারখানা ও পারমাণবিক স্থাপনায় হামলার পর ‘ইসরাইলের অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।’

সূত্র: বিএসএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন