পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার খবরটি সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শন করার কোনো অধিকার আইএইএ পরিদর্শকদের নেই।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।

পার্লামেন্ট স্পিকার গালিবাফ স্পষ্ট করে বলেন, বর্তমানে আইএইএ পরিদর্শকদের কেবল দুটি স্থানে প্রবেশাধিকার রয়েছে। স্থান দুটি হলো বুশেহর বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান রিঅ্যাক্টর। এর বাইরে অন্য কোনো কেন্দ্রে তাদের পরিদর্শনের সুযোগ নেই।

গালিবাফ আরো জানান, ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রগুলোতে আইএইএর প্রবেশাধিকার নিষিদ্ধ করে ইরানের পার্লামেন্ট ইতিমধ্যে একটি আইন পাস করেছে। এছাড়া দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদও এই সিদ্ধান্তের সপক্ষে একটি অনুরূপ প্রস্তাব গ্রহণ করেছে। ফলে আইনিভাবেই তাদের এই প্রবেশাধিকার বন্ধ রয়েছে।

ইরানি স্পিকারের এই কঠোর মন্তব্য এমন এক সময়ে এলো, যার ঠিক আগেই আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তির আওতায় জাতিসংঘের পরিদর্শকদের ইরানের পরমাণু কেন্দ্রগুলো ‘পরিদর্শন ও প্রবেশাধিকার পেতেই হবে’।

গ্রোসি আশা প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা শিগগিরই সেখানে পৌঁছাব।’

তবে গালিবাফের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর পরমাণু কেন্দ্র পরিদর্শন নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে জটিলতা তৈরি হলো।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন