হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হচ্ছেন কেটি জাকারাইয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি জাকারাইয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার নাম ঘোষণা করেছেন। বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত কেটি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে ট্রাম্পের দুই মেয়াদে হোয়াইট হাউসের ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন। এর আগে তিনি অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কেটিকে ‘অনুগত’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (ম্যাগা) প্রচারণার নিবেদিতপ্রাণ সমর্থক ও সদস্য হিসেবে উল্লেখ করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গত আগস্টে দায়িত্ব ছেড়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে যোগ দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে কেটির নাম ঘোষণা করে ট্রাম্প লিখেছেন, ‘তিনি এর আগে আমার নির্বাচনি প্রচারে যুক্ত ছিলেন। নির্বাচনে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভূমিকা রেখেছেন। সাতটি অঙ্গরাজ্যের সাতটিতেই আমরা জিতেছি।’

কেটি নতুন দায়িত্বে ভালো করবেন বলে আশা প্রকাশ করে ট্রাম্প আরো লিখেছেন, ‘আমি নিশ্চিত, হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি দেশের জন্য চমৎকার ফলাফল বয়ে আনবেন। সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও আমার প্রশাসনের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। সবার সঙ্গে তিনি অত্যন্ত চমৎকারভাবে কাজ করবেন।’

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন কেটি। তিনি লিখেছেন, ‘দেশের ২৫০ বছরের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করাটা আমার জীবনের এক পরম সম্মান।’

কেটি আরো লিখেছেন, ‘ট্রাম্প আমেরিকাকে দেখিয়েছেন, আমরা আবারও মহান হয়ে উঠতে পারি। সেটিকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।’

হোয়াইট হাউসের প্রেস কোর এবং সারা দেশের সাংবাদিকদের সঙ্গে কাজ করার জন্যও আগ্রহ প্রকাশ করেছেন কেটি।

৪২ বছর বয়সি কেটি একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। তিনি নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।

কেটি রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

গত জুনে ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন কেটি। তার লিংকডইন প্রোফাইলে এখনো এই পরিচয় উল্লেখ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে (ডিএইচএস) কাজ করেছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন