দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত।

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার কলম্বোয় নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী।

অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিরিলিয়া সাভিয়া নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি বা প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার অনুদানের অর্থ নিয়ে তদন্ত চলছে। কলম্বোর লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার কেনার উদ্দেশ্যে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল।

তবে কর্মকর্তাদের দাবি, চীনা সরকার এরই মধ্যে হাসপাতালটিকে একই ধরনের একটি স্ক্যানার অনুদান দিয়েছে। ফলে সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শিরান্থি রাজাপাকসে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগেও বলেছেন, অর্থ সিরিলিয়া সাভিয়ার হিসাবেই নিরাপদ রয়েছে এবং কোনো জালিয়াতি হয়নি।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানের পর সোমবার দেশে ফেরেন শিরান্থি। গ্রেপ্তার ঠেকাতে তিনি আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদনের শুনানি আগামী ১২ অক্টোবর নির্ধারিত রয়েছে।

রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে ফের দুর্নীতি তদন্ত

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করে প্রায় তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটানোর পর তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তবে ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতির মধ্যে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই আন্দোলনের মুখে মাহিন্দার ভাই ও তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার রাজাপাকসে পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা দুর্নীতির তদন্তগুলো আবারও সক্রিয় করেছে।

মাহিন্দা ও শিরান্থির বড় ছেলে নামাল রাজাপাকসেকে চলতি বছরের শুরুতে তার বাবার শাসনামলে একটি বিমান কেনার চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাদের আরেক ছেলে ইয়োশিথা রাজাপাকসেকেও চলতি বছরের শুরুতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন