সুযোগ ফিরিয়ে দিলে শান্তি আসে নাÑত্রিপক্ষীয় বৈঠকে শুরুতেই ট্রাম্প

সুযোগ ফিরিয়ে দিলে শান্তি আসে নাÑত্রিপক্ষীয় বৈঠকে শুরুতেই ট্রাম্প
চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক। ছবি-এফপিএ

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকের শুরুতেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বড় শক্তিগুলোর একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিন নেতা। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এ ধরনের বৈঠক এই প্রথম।

বিজ্ঞাপন

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে তিনটি দেশই বিশেষ অবস্থানে রয়েছে। অতীতে মতপার্থক্য থাকা নেতাদের সঙ্গে আলোচনা এড়িয়ে যাওয়ার প্রবণতা ছিল উল্লেখ করে তিনি বলেন, এভাবে সুযোগ হাতছাড়া করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

ট্রাম্পের ভাষায়, ‘সুযোগ ফিরিয়ে দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পুরো পৃথিবীকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে আমাদের বড় দায়িত্ব রয়েছে।’

অন্যদিকে, বৈঠকের সূচনায় শি জিনপিং বলেন, বড় শক্তিগুলো পারস্পরিক সম্প্রীতি ও সমঝোতার ভিত্তিতে চললে বিশ্বে শান্তি বজায় থাকে। এ সম্মেলনকে ‘যুগান্তকারী গুরুত্বসম্পন্ন’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশের একসঙ্গে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।

পুতিন তার বক্তব্যে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ সামনে আনেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে গত ২৪ ঘণ্টায় পৃথক বৈঠকের প্রসঙ্গ টেনে রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। এতে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন যুদ্ধ যে গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারে, তার ইঙ্গিত মিলেছে।

বৈঠকের পটভূমি ও সম্ভাব্য আলোচ্যসূচি

ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন। পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ওই আলোচনা শেষে পুতিনকে ‘দারুণ মেজাজে’ দেখা গেছে বলেও রুশ পক্ষের বক্তব্য। পরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতে পারে।

বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে রয়েছে ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো কাঠামো তৈরির বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। এতে চীনকেও যুক্ত করার আগ্রহ রয়েছে তার। তবে তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডারের কারণে এ ধরনের আলোচনায় যোগ দিতে বেইজিংয়ের অনীহা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

ইরান যুদ্ধের প্রভাবও আলোচনায় আসতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের অভিন্ন স্বার্থ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, তিন নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য থাকায় বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক সমাধান আসার সম্ভাবনা সীমিত। তবে বিশ্বরাজনীতির প্রভাবশালী তিন দেশের নেতাদের একসঙ্গে আলোচনায় বসা আন্তর্জাতিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: আলজাজিরা ও রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...