যুক্তরাষ্ট্রে শিকাগো শহরের একটি লাউঞ্জের বাইরে বন্দুকধারীদের গুলিতে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টার দিকে শহরের রিভার নর্থ এলাকায় শিকাগো অ্যাভিনিউয়ে একটি গাড়ি থেকে গুলি চালায় বন্দুকধারীরা। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
শিকাগো পুলিশ আরো জানায়, গুলিতে আহতদের মধ্যে ১৩ জন নারী ও পাঁচজন পুরুষ। এদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী ছিলেন।
পুলিশ জানিয়েছে, চালক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত করতে গোয়েন্দাদের সহায়তা করার জন্য তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, মেলানি ডয়েল নামে পরিচিত র্যাপার মেলো বাকজ বুধবার সন্ধ্যায় তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে আর্টিস লাউঞ্জে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
কী কারণে হামলা হয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। আর্টিস লাউঞ্জটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত কাজে পুলিশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে আর্টিস লাউঞ্জ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



