যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৭০টির বেশি দাতব্য সংস্থা এবং অন্যান্য এনজিও । খবর বিবিসির।
মঙ্গলবার অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থা অভিযোগ করেছে যে ইসরাইলি বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।
মঙ্গলবার বিশ্বের কয়েকটি বৃহত্তম দাতব্য সংস্থা এবং এনজিওর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জিএইচএফ ত্রাণ কার্যক্রমের সব নিয়ম লঙ্ঘন করছে। যার মধ্যে রয়েছে দুই মিলিয়ন মানুষকে জনাকীর্ণ এবং সামরিকায়িত অঞ্চলে জোর করে পাঠানো, যেখানে তারা প্রতিদিন গুলিবর্ষণের মুখোমুখি হয়।
জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে, প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনী এই ত্রাণ শিবিরগুলোতে সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা করার খবর পাওয়া যাচ্ছে।
জিএইচএফ আগের ৪০০টি ত্রাণ বিতরণ কেন্দ্রের পরিবর্তে মাত্র চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে, যা ইসরাইলি সামরিক অঞ্চলে অবস্থিত। মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের মাধ্যমে এই ত্রাণ শিবিরগুলো পরিচালিত হয়। গাজার দক্ষিণ-পশ্চিমে তিনটি এবং গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ শিবির রয়েছে।
তবে ইসরাইল তাদের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সেনারা ইচ্ছাকৃতভাবে ত্রাণ প্রার্থীদের ওপর গুলি চালায় না। বরং ত্রাণ বিতরণে হামাসের হস্তক্ষেপ নিয়ন্ত্রণ করে যাদের প্রয়োজন তাদের দেওয়া হয়।
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, জিএইচএফ ত্রাণ শিবিরে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ২৭৮ জনের বেশি মানুষ।
গত মে মাসের শেষের দিকে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ শিবিরের কার্যক্রম শুরু হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

