ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটির নবনিযুক্ত শীর্ষ নেতা মোজতবা খামেনি 'সুস্থ আছেন' এবং তিনি 'পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন'। কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আল-আরাবি আল-জাদিদ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম ভাষণটি তিনি নিজে না দিয়ে একজন সংবাদ উপস্থাপকের মাধ্যমে পাঠ করানো হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
সাক্ষাৎকারে আঞ্চলিক পরিস্থিতি ও চলমান যুদ্ধ নিয়ে আরাগচি বলেন, যুদ্ধের একটি 'ন্যায়সঙ্গত অবসান' ঘটাতে পারে এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে। তবে তিনি স্পষ্ট করে জানান যে, যুদ্ধ বন্ধের জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা উদ্যোগ তাদের সামনে নেই।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ ছাড়া বাকি সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

