সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
শনিবারের ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
তিনি এ ধরনের সহিংস কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান তিনি।
সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে শাহবাজ শরিফ বলেন, সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি রয়েছে।
একই সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


