মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ১৬টি দেশ ও সংশ্লিষ্ট এলাকার জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাজ্য। পরিস্থিতির আকস্মিক অবনতির ঝুঁকি এবং বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য বিঘ্ন ঘটনার বিষয়ে সতর্ক করেছে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
হালনাগাদ করা এই নির্দেশনার আওতায় থাকা দেশগুলো হলো—তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ওমান, কাতার, বাহরাইন, জর্ডান, সৌদি আরব, কুয়েত ও পাকিস্তান; পাশাপাশি রয়েছে ইসরাইল, ফিলিস্তিনি ভূখণ্ড, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন।
এফসিডিওর ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত এবং আকস্মিকভাবে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি অনেক বেশি।’
দপ্তরটি জানায়, ২০২৬ সালের শুরুর দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথা জানিয়েছে ইরান।
নির্দেশনায় আরও বলা হয়, অঞ্চলজুড়ে বেসামরিক অবকাঠামো ও মার্কিন সামরিক স্থাপনায় ইরান এবং অন্যান্য পক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কিংবা অঞ্চলটি হয়ে যাতায়াতের পরিকল্পনা করছেন—এমন ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য পরিবহন বিঘ্নের জন্য আগাম প্রস্তুতি রাখারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


