গাজায় ইসরাইলি হামলায় আরো এক সাংবাদিক নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরো এক সাংবাদিক নিহত

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হলেন আরো একজন ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, শনিবার উত্তর গাজার জিকিম এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে সরকারি ফিলিস্তিনি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান খালেদ আল মাদোওন নিহত হন। খবর টিআরটি ওয়ার্ল্ডের

জিকিম এলাকায় ত্রাণের খোঁজে জড়ো হওয়া ক্ষধার্ত ফিলিস্তিনিদের নিয়ে খবর সংগ্রহ করার সময় হামলার শিকার হন মাদোওন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের কণ্ঠস্বর স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। সিন্ডিকেট বলছে, গাজার সাংবাদিকরা বিপদ জেনেও তাদের সত্য প্রকাশের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে।

এই মাসের (আগস্ট) শুরুতে গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়ে ছয় সাংবাদিককে হত্যা করে ইসরাইল। নিহতদের মধ্যে পাঁচজন আল জাজিরার সাংবাদিক ছিলেন।

আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও গাজার সাংবাদিকরা বারবার ইসরাইলি হামলা, গ্রেপ্তার এবং হুমকির শিকার হয়েছেন। একে পর্যবেক্ষকরা যুদ্ধের খবর গাজার বাইরে প্রচার বন্ধ করার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইল গাজায় ৬২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে; যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজা উপত্যকায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি।

এদিকে, শনিবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলি বাহিনী গাজা সিটির আরো গভীরে প্রবেশ করছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন