মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। তবে শিগগিরই কোনো ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার দক্ষিণ ক্যারোলাইনায় একটি সমাবেশ থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় না আমরা আলোচনা করছি। তবে যেভাবেই হোক, খুব শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বেশির ভাগ মানুষ মনে করছেন, এটা মধ্যবর্তী নির্বাচনের পর ঘটবে। এখন দেখা যাক কী হয়।’
এর আগে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে তিনি এমন একটি পরিণতি নিশ্চিত করতে চান, যা দীর্ঘস্থায়ী হবে।
ট্রাম্প বলেন, ‘এটা খুব শিগগিরই শেষ হবে। আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত করতে চাই, যেন এটি দীর্ঘ সময় স্থায়ী হয়।’
তিনি দাবি করেন, সামরিক ও আর্থিক—উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করেছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
এদিকে, দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী। এর সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এসব হামলার অনুমোদন দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চলতি বছরে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার বিভিন্ন পরিকল্পনায় তিনি একাধিকবার ভেটো দিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতা প্রক্রিয়া থমকে আছে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


