জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
৫৬ বছর বয়সি ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের সূত্রে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। গত ডিসেম্বরে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদানের পর তাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিফা প্রধান বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তি এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তার রয়েছে।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে তার বর্তমান মেয়াদ।
তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, কিংবা ট্রাম্প এ বিষয়ে তার সঙ্গে কতটা আলোচনা করেছেন—তা স্পষ্ট নয়।
জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রার্থীকে প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হয়।
এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


