বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি বিভিন্ন এলাকা থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। সৌদি সমর্থিত হুথি বিরোধী সামরিক অভিযানের জন্য এ সিদ্ধান্তকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরা।
ইয়েমেনি সরকারের সঙ্গে জোটবদ্ধ একটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, হুথিদের লাগাতার হামলার মুখে বাব আল-মান্দেব প্রণালীর উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে তাদের যোদ্ধারা সরে গেছেন।
‘সাউদার্ন আর্মড ফোর্সেস’ নামে পরিচিত গোষ্ঠীটি জানিয়েছে, এখন থেকে তারা দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর এডেনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাইজ শহরে হুথিদের অবরোধ ভাঙার প্রচেষ্টায় মনোযোগ দেবে। পশ্চিমা স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এডেন।
রোববার সরকারি বাহিনীর পিছু হটার ঘোষণায় এডেনের দিকে হুথিদের নতুন করে অগ্রসর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সৌদি আরব যে চ্যালেঞ্জের মুখে রয়েছে, তা-ও স্পষ্ট হয়েছে।
২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে পশ্চিমা স্বীকৃত সরকার দক্ষিণ উপকূলীয় শহর এডেনকে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-51cc4f-720x405.webp)