ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

আমার দেশ অনলাইন

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি।তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার এ বিষয়ে একটি নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় ইরানে অবস্থানরত ভারতীয়দের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়। এর কারণ হিসেবে চলমান আঞ্চলিক উত্তেজনা এবং অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।

ইরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘ভারতীয় নাগরিকদের বিমান বা স্থলপথ; কোনো মাধ্যমেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমাসংক্রান্ত বিধিনিষেধ ও অনিশ্চয়তা এখনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলছে।’

বিজ্ঞাপন

পশ্চিম এশিয়ার অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই সর্বশেষ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে আকাশপথে বিঘ্ন এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ইরান থেকে ও ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে ক্রমাগত প্রভাবিত করছে।

দূতাবাস আরো জানায়, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবশ্যই সরকারি সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত স্থলপথ ব্যবহার করেই দেশ ত্যাগ করতে হবে। নাগরিকদের সহায়তায় দূতাবাস হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডিও দিয়েছে তারা।

সূত্র: দ্য ইকোনমিকস টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন