এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ নাকচ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন জল্পনা এবং দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে অভিহিত করেছে।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ অবস্থান জানান। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি ভিত্তিহীন অনুমানের ওপর দাঁড়িয়ে আছে। চীনকে হেয় করাই এর মূল উদ্দেশ্য।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে সংশ্লিষ্ট এক চীনা নির্বাহী বেইজিংয়ের হয়ে গোয়েন্দা তৎপরতায় যুক্ত ছিলেন। তিনি চীনের কাছে বিভিন্ন তথ্য সরবরাহ করতেন বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, উন্নত প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ চীনে পাচারের সম্ভাব্য অভিযোগে মেগাস্পিডের কার্যক্রম তদন্তের আওতায় ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই।
এদিকে, এনভিডিয়া মেগাস্পিডের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, মেগাস্পিড অন্যান্য আঞ্চলিক গ্রাহকের মতোই তাদের একজন গ্রাহক। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনে চিপ পাচারের অভিযোগ তারা আগেও তদন্ত করে খতিয়ে দেখেছে এবং তা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া বক্তব্যে এনভিডিয়ার মুখপাত্র জন রিজো বলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ কোনো অস্বাভাবিক ঘটনা নয়। একজন প্রধান নির্বাহীর দায়িত্বের অংশ হিসেবেই গ্রাহকদের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হয়। জেনসেন প্রতিবছর হাজার হাজার গ্রাহক প্রতিষ্ঠানের নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেন।
এ ঘটনায় চীনের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাখ্যান এবং এনভিডিয়ার পক্ষ থেকে মেগাস্পিডের বিরুদ্ধে ওঠা চিপ পাচারের অভিযোগ নাকচ করার মধ্য দিয়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের অবস্থান স্পষ্ট হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


