জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কারিবা হ্রদে একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ২৭ জন। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানিয়েছে। ফেরিটিতে অরিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল।

সংস্থাটি জানায়, ৭৭ জনকে উদ্ধার করে হ্রদের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কারিবা শহর থেকে লেকের বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহন করত ফেরিটি। এর ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিলেন।

সিভিল প্রোটেকশন ইউনিট জানিয়েছে, টিকিট বিক্রির নিবন্ধিত তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে টিকিট কাটার বয়স হয়নি—এমন কতজন শিশু ফেরিটিতে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিম্বাবুয়ের জাতীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হ্রদের উল্টে যাওয়া ফেরিটির দিকে কয়েকটি স্পিডবোট এগিয়ে যাচ্ছে এবং ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ছে। উদ্ধার অভিযানে হ্রদের পানির নিচে অনুসন্ধানকারী একটি দলও মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ম্যাক্সটন কানহেমা এএফপিকে বলেন, খারাপ আবহাওয়ার মধ্যেই ফেরিটি যাত্রা শুরু করেছিল। একপর্যায়ে একটি বড় ঢেউ ফেরিটিতে আঘাত করলে এর ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি ধারণা করেন।

তিনি বলেন, ‘আমরা যখন পানির মধ্যে ছিলাম, তখন বিপদের সংকেত দেখতে পাই। কাছাকাছি থাকা নৌকাগুলো সঙ্গে সঙ্গে এগিয়ে আসে।’

কানহেমা জানান, উদ্ধার অভিযানে মাতুসাডোনা ন্যাশনাল পার্কের একটি হেলিকপ্টার, স্থানীয় বড় নৌযান, ডুবুরি এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন