বাণিজ্য, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ২০টি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে দুই দেশ।
বুধবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বৈঠকে এসব চুক্তি সই হয়। কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, শিক্ষা, পর্যটন, পরিবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে।
শাহবাজ শরিফ জানান, আগামী দুই বছরের মধ্যে দুই দেশের বাণিজ্য ১ কোটি ৩৯ লাখ ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মালদ্বীপে ৫০ লাখ গাছ লাগানোর উদ্যোগে সহায়তা হিসেবে পাকিস্তান ১ লাখ জলপাইয়ের চারা ও বিভিন্ন প্রজাতির ১ লাখ বীজ দেবে।
পাকিস্তান ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন মুইজ্জু। পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতে মালদ্বীপের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান মুইজ্জু। ১১ বছর পর মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম পাকিস্তান সফর। দুই দেশ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদ্যাপন করছে। সফরকালে মুইজ্জুকে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


