নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে জেলা ছাত্রদল।
বুধবার নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের নতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সুজন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে সামাজিক মাধ্যমে শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ওই ভিডিওর সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে কোনো মন্তব্য বা যাচাই করা সম্ভব হয়নি। জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-39da15-720x405.webp)