হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা হরমুজের দক্ষিণাঞ্চলীয় পথে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল যাচ্ছে। যুদ্ধের আগের তুলনায় এই পরিমাণ ‘নগণ্য’।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, ওই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করেছে। যেকোনো সময় এসব জাহাজে হামলা হতে পারে বলে তাদের জানানো হয়েছে।
ওমানের উপকূল ঘেঁষে থাকা ওই পথে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে বলে জানান ফাদাভি। যুদ্ধের আগে হরমুজ দিয়ে যে পরিমাণ তেল যেত, তার তুলনায় বর্তমান প্রবাহ খুবই কম বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকিও প্রত্যাখ্যান করেছেন ফাদাভি। তার দাবি, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ইরানের ক্ষেত্রেও দেশটি ব্যর্থ হবে।
ফাদাভির এই বক্তব্যের সময় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধের আগের মাত্রায় ফিরে যাওয়ার খবরও এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর মিলিয়ে অঞ্চলটি থেকে দৈনিক গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

