যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার আসন্ন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় বোমা) হামলার ষড়যন্ত্র করতে পারে বলে সিএনএনে প্রতিবেদন প্রকাশের পর উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিয়ত সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করে। তবে প্রতিদিন যেসব গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তার অধিকাংশই বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয় না।
ওয়াশিংটনে আসন্ন কোনো হামলার আশঙ্কা করছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘আমি তেমনটা মনে করি না। তবে আমাদের দেশের জন্য হুমকি হতে পারে এমন যেকোনো বিষয় নিয়ে আমরা প্রতিদিনই উদ্বিগ্ন থাকি। আমার মনে হয় না, এই মুহূর্তে কোনো আসন্ন হুমকি রয়েছে।’
সিএনএনের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করতে পারে এমন যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপারে দেশটি সতর্ক রয়েছে।
রুবিও বলেন, ‘যারা আমাদের দেশ ও জনগণের ক্ষতি করার চেষ্টা করে, তাদের বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময় সতর্ক থাকে। প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের হুমকির তথ্য পাই। এর অধিকাংশই বিশ্বাসযোগ্য নয়। তবে প্রতিটি তথ্যই আমাদের যাচাই করে দেখতে হয়।’
তিনি আরো বলেন, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে প্রশাসন নজরদারি অব্যাহত রেখেছে। তবে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা তথ্যকে তাৎক্ষণিক বিপদের ইঙ্গিত হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র।
রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি হতে পারে এমন সবকিছুর ব্যাপারেই আমরা সব সময় সতর্ক রয়েছি।’
এ সময় সিএনএনের প্রতিবেদনে উদ্ধৃত গোয়েন্দা সূত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের কিছু গোয়েন্দা সূত্র মিথ্যাবাদী; আবার কেউ কেউ মিথ্যাবাদী ও অপরাধী।’
প্রতিবেদনে উল্লিখিত নির্দিষ্ট তথ্য নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি রুবিও। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কারা এসব তথ্য সংবাদমাধ্যমে সরবরাহ করছে, তা তার জানা নেই।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




