ইয়েমেনের হুথিরা সৌদি আরবের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ও পডকাস্টার টাকার কার্লসন। তার অভিযোগ, যুদ্ধকালীন এই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে মার্কিন গণমাধ্যমে কোনো খবর প্রকাশ করা হচ্ছে না।
সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে. উইচার্টের সঙ্গে আলাপকালে কার্লসন বলেন, ‘হুথিরা এখন সত্যিকার অর্থেই সৌদি রাজতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘হুথিরা সৌদি আরবের একটি অংশ দখল করে রেখেছে। বিষয়টি মার্কিন গণমাধ্যমে আলোচিত হচ্ছে কি না, তা আমার জানা নেই। তবে এটি বাস্তব ঘটনা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কার্লসন আরো বলেন, ‘এই মুহূর্তে কি সৌদি ভূখণ্ডে হুথি যোদ্ধারা অবস্থান করছে? হ্যাঁ, করছে।’
তবে সৌদি ভূখণ্ডে হুথিদের কথিত দখলদারত্বের বিষয়ে তিনি কোথা থেকে তথ্য পয়েছেন তা জানাননি কার্লসন। অবশ্য উপসাগরীয় অঞ্চলের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে কার্লসনের নিয়মিত যোগাযোগ রয়েছে।
গত অক্টোবরে ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, কার্লসন ভূমধ্যসাগরে অবস্থানরত ‘উপসাগরীয় কয়েকজন রাজপরিবারের সদস্যের প্রমোদতরিতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পডকাস্টে কার্লসন দাবি করেন, চলতি সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত কার্লসনের সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
ইরান ও ইসরাইলকে কেন্দ্র করে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। তবে উইচার্টকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসন জানান, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছে।
সৌদি ভূখণ্ডে হুতিদের অনুপ্রবেশ
কার্লসনের এই দাবি গত ২ নভেম্বর প্রকাশিত মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনের পর সামনে এল। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছিল, হুথিরা সৌদি আরবের ভেতরে অভিযান চালাচ্ছে।
প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলো জানায়, গত অক্টোবরে এসব অভিযান পরিচালিত হয়েছিল। তবে হুথিরা এখনো সৌদি ভূখণ্ডের কোনো অংশ নিয়ন্ত্রণে রেখেছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করেনি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দুর্গম সীমান্ত এলাকা কার্যত সাংবাদিকদের প্রবেশের বাইরে। অঞ্চলটিতে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি ও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি। ইয়েমেনের সর্বশেষ সংঘাতের সময় সীমান্তবর্তী বহু গ্রামের বাসিন্দাদের নিজেদের বসতভিটা ছেড়ে যেতে হয়েছিল। ওই সংঘাতে হুথিরা সৌদি আরবের অভ্যন্তরে একাধিক আন্তসীমান্ত অভিযান চালিয়েছিল।
বর্তমানে হুথি ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই মূলত ইয়েমেনের অভ্যন্তরেই সীমাবদ্ধ।
তবে সৌদি আরবের ভূখণ্ড নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষার কথা হুথিরা প্রকাশ্যেই জানিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর তাদের ঐতিহাসিক দাবি রয়েছে। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল।
অন্য কোনো শক্তির মদত
সাক্ষাৎকারে কার্লসন আরো দাবি করেন, ইরান ছাড়াও অন্য কোনো পক্ষ হুথিদের সামরিক তৎপরতায় সহায়তা করছে। তার ধারণা, এসব পক্ষ সৌদি আরবকে দুর্বল করে দিতে চায়।
কার্লসন বলেন, ‘হুথিদের নিয়ন্ত্রণ করছে কারা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’
তিনি আরো বলেন, ‘হুথিদের ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে বলে আমি মনে করি। কিন্তু তাদের পেছনে কি শুধু ইরানই রয়েছে, নাকি অন্য কোনো শক্তিও কাজ করছে?’
তবে হুথিদের পেছনে কারা রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি কার্লসন।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




