শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি
ছবি: সংগৃহীত

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এই মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে ঢাকায়। মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় (ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকা) তারা দায়িত্ব পালন করছে।

গাজীপুরে মোতায়েন রয়েছে ১৫ প্লাটুন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় তারা দায়িত্বে রয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সেখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...