গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি

গাজীপুরে আজও ১০ কারখানায় ছুটি

গাজীপুরে দু-একটি জায়গায় শ্রমিক বিক্ষোভ ছাড়া অধিকাংশ শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজও অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া সকালে হারিকেন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন