হাসপাতালে ইসরাইলি হামলা, ৫ সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে ২০

হাসপাতালে ইসরাইলি হামলা, ৫ সাংবাদিকসহ নিহতের সংখ্যা বেড়ে ২০

দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক রয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আল জাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা, রয়টার্সের ফটোসাংবাদিক হুসাম আল-মাসরি, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপি-র হয়ে কাজ করা মরিয়ম আবু ধাক্কা, গাজার সরকারি মিডিয়া অফিসের মোয়াজ আবু তাহা এবং কুদস ফিড নেটওয়ার্কের সাংবাদিক আহমেদ আবু আজিজ। আহত অবস্থায় আহমেদ পরে মারা যান।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নাসের হাসপাতালে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই জঘন্য অপরাধের জন্য শুধু ইসরাইল নয়, তাদের মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সও দায়ী। তারা সরাসরি এই গণহত্যায় অংশ নিচ্ছে।’

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার চলাকালীন তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরির পরিচালিত লাইভ ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়, যা প্রাথমিক হামলার সময়ের দিকেই ইঙ্গিত করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে অন্তত ২৭৩-এ পৌঁছেছে বলে আল জাজিরার হিসাবে জানানো হয়েছে।

সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন