আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা পুনর্গঠনে ১ বিলিয়ন ডলার দেবে কাতার

আমার দেশ অনলাইন

গাজা পুনর্গঠনে ১ বিলিয়ন ডলার দেবে কাতার
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘শান্তি পর্ষদে’ ১ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।

বিজ্ঞাপন

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত পরিষদের প্রথম বৈঠকে এ ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি।

বৈঠকে তিনি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতায় কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই পরিষদ ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে।

তার ভাষ্য অনুযায়ী, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি—উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ‘এই লক্ষ্য থেকেই কাতার এক বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করছে, যা পরিষদের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে—একটি চূড়ান্ত সমাধানের দিকে অগ্রসর হতে, যেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততার প্রত্যাশা পূরণ হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজল্যুশন ২৮০৩-এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনাকাঠামো অনুমোদন করে।

শান্তি পর্ষদের দায়িত্বের মধ্যে রয়েছে—গাজায় অন্তর্বর্তীকালীন পর্যায় তদারকি, পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, আর্থিক সহায়তা প্রদান, রূপান্তরকালীন নিরাপত্তাব্যবস্থা সহজতর করা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সহায়তা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন