আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

'এখন টিভি'র ৪ সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজনের উদ্বেগ

বেসরকারি টেলিভিশন চ্যানেল 'এখন টিভি'র চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সংবাদে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আমরা জানতে পেরেছি, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় এখন টিভি চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং সাত দিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে।

বিজ্ঞাপন

এমনকি নিরাপত্তা প্রহরীদের তাদের ছবি দেখিয়ে এখন টিভির কার্যালয়ে তাদের প্রবেশাধিকার ঠেকানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা আরও জানতে পেরেছি যে, কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের কথা উল্লেখ রয়েছে। নোটিশে লেখা রয়েছে, 'পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকরা সমস্যায় পড়বেন।' কিন্তু আমাদের প্রশ্ন, কর্মরত কোনো সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এখন টিভি কর্তৃপক্ষ কোনো সেনসরশিপ আরোপ করতে পারে কি না।

আমরা মনে করি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাসংক্রান্ত বিষয়গুলো স্বচ্ছ— লিখিত ও ন্যায্য পদ্ধতির মাধ্যমে পরিচালিত হওয়া দরকার। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার নামে ব্যক্তির মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ণ করা সম্পূর্ণ অযৌক্তিক।

আমরা মনে করি, চব্বিশের গণঅভ্যুত্থানোত্তর পরবর্তী প্রেক্ষাপটে এভাবে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি তৈরি করা এবং স্বাধীন মতপ্রকাশে হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা স্পষ্টভাবেই ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার চেতনার পরিপন্থি।

আমরা সুজনের পক্ষ থেকে এখন টিভির মালিক এবং সম্পাদকদের অবিলম্বে উপরোক্ত পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানাচ্ছি। এবং দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির যৌক্তিক সমাধান করে চারজন সাংবাদিককে সংবাদকক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ প্রত্যাশা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন