ফিলিস্তিনের গাজা অভিমুখী সাহায্যকারী নৌবহরের (ফ্লোটিলা) আটক কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতনের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিশ্বব্যাপী এই সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ইসরাইলের অতি ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
বেন-গভিরের কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাকগ্রাউন্ডে ইসরাইলের জাতীয় সংগীত বাজার সময় তিনি ইসরাইলি পতাকা নেড়ে ফ্লোটিলা সমর্থকদের উপহাস করছেন।
ভিডিওটিতে মানুষের চিৎকার শোনা যায় এবং একপর্যায়ে ইসরাইলি বাহিনীকে এক নারী অধিকারকর্মীকে জোরপূর্বক ধরে মাটিতে ফেলে দিতে দেখা যায়।
আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে এই কর্মীদের অপহরণের ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার সমালোচনা করলেও বেন-গভির এই নির্যাতনের পক্ষে সাফাই গেয়েছেন। উল্টো এই ভিডিওর কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সমালোচনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেন-গভির লিখেছেন, ‘সরকারের মধ্য থেকেও অনেকেই এখনো বুঝতে পারেননি সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে কেমন আচরণ করা উচিত। ইসরাইল এখন আর দুর্বল রাষ্ট্র নয়।’
তিনি আরো বলেন, ‘যারা হামাসের সঙ্গে সংহতি প্রকাশ এবং সন্ত্রাসবাদকে সমর্থন করতে আমাদের অঞ্চলে আসবে, তাদের থাপ্পড় মারা হবে এবং আমরা অন্য গাল বাড়িয়ে দেব না।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সার বেন-গভিরের উদ্দেশে বলেছিলেন, ‘আপনি ইসরাইলের প্রতিনিধিত্বকারী মুখ নন।’
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


