ক্রমশ প্রকট হচ্ছে সৌদি-আমিরাত দ্বন্দ্ব, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ক্রমশ প্রকট হচ্ছে সৌদি-আমিরাত দ্বন্দ্ব, নেপথ্যে কী
ছবি: নিউ ইয়র্ক টাইমস

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত যখন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়, তখন এই পদক্ষেপের প্রভাব তেলের বাজারের বাইরেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এটি ছিল সৌদি আরবের সঙ্গে আমিরাতের একসময়ের ঘনিষ্ঠ অংশীদারত্ব ভেঙে গিয়ে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হওয়ার ইঙ্গিত।

ঐতিহাসিকভাবে সৌদি আরবই ছিল তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের প্রভাবশালী সদস্য। সৌদি আরব তাদের বিশাল উৎপাদনক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বব্যাপী তেলের দামকে প্রভাবিত করেছে। তাই এই সংস্থা থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন একটি ব্যবস্থাকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে সৌদি নিয়ন্ত্রিত বলে মনে করা হতো।

বিজ্ঞাপন

সৌদি ও আমিরাতের নেতাদের মধ্যে এই মতপার্থক্য রাতারাতি ঘটেনি।

এক দশক আগে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদকে আদর্শগতভাবে অভিন্ন মিত্র হিসেবে দেখা হতো। আরব বসন্তের জোয়ারকে তারা তাদের শাসনব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখতেন। এই অঞ্চলটিকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টায় উভয়েই ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, দৃঢ়চেতা এবং একমত।

একসঙ্গে তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী কাতারকে বিচ্ছিন্ন করার জন্যও যৌথভাবে পদক্ষেপ নিয়েছেন, যা কাতার অস্বীকার করে। তারা তাদের অভিন্ন আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

আজ সেই সম্পর্কটি অনেকটাই ভিন্ন। দেশ দুটি আঞ্চলিক যুদ্ধে ক্রমশই পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন করছে, পরস্পরবিরোধী জ্বালানি কৌশল অনুসরণ করছে এবং বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতা করছে।

তেল ও অর্থনীতি নিয়ে সংঘাত

কয়েক দশক ধরে, আমিরাতের দুবাই শহর মধ্যপ্রাচ্যের অর্থায়ন, সরবরাহ ব্যবস্থা এবং বহুজাতিক সংস্থাগুলোর প্রধান কেন্দ্র ছিল। কিন্তু গত ১০ বছরে, সৌদি আরবকে ব্যবসা ও পর্যটনের এক শক্তিশালী কেন্দ্রে পরিণত করতে যুবরাজ মোহাম্মদের ব্যাপক পরিকল্পনা দেশটিকে ক্রমশ আমিরাতের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছে।

সৌদি কর্মকর্তারা এই উচ্চাকাঙ্ক্ষাকে সুস্পষ্ট করে তোলেন একটি ঘোষণার মাধ্যমে। তারা সরকারের সঙ্গে লাভজনক চুক্তি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাজধানী রিয়াদে আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করতে বাধ্য করেন। গত বছরের মার্চ মাসে সৌদি কর্মকর্তারা জানান যে, ৬০০-র বেশি সংস্থা রিয়াদে আঞ্চলিক ঘাঁটি স্থাপন করেছে।

আমিরাতের কর্মকর্তাদের কাছে বার্তাটি ছিল সুস্পষ্ট: সৌদি আরব আর তেল সম্পদ এবং রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভর করে সন্তুষ্ট নয়, বরং তারা সরাসরি তাদের অর্থনৈতিক ভূখণ্ডে প্রবেশ করছে।

উভয় দেশই কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈশ্বিক অবকাঠামোর মতো উদীয়মান খাতগুলোতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে এবং প্রায়শই একই বিনিয়োগকারী ও বাজারকে লক্ষ্য করছে।

যদিও সৌদি আরব দীর্ঘদিন ধরে ওপেকে আধিপত্য বিস্তার করে আসছে, সংযুক্ত আরব আমিরাতও নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে এবং তেল উৎপাদনের সম্ভাবনা বাড়িয়েছে।

আমিরাতের কর্মকর্তারা প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন যে, ওপেক তাদের উৎপাদন সক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে বাধা দিয়েছে।

মিত্রতা থেকে সংঘাতে

আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে এই বিভাজন স্পষ্ট। ২০১৫ সালে যখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বোমা হামলা শুরু করে, তখন তারা ইরান-সমর্থিত হুথিদের মোকাবিলা করতে এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনরুদ্ধার করতে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট উপস্থাপন করেছিল।

সময়ের সঙ্গে সঙ্গে, সেই অভিন্ন লক্ষ্যে ভাঙন ধরে। একটি দীর্ঘ, অরক্ষিত সীমান্ত থাকায়, সৌদি আরব তার দক্ষিণাঞ্চলে প্রতিকূল শক্তির হুমকি প্রতিরোধের জন্য একটি ঐক্যবদ্ধ ইয়েমেনকে অপরিহার্য বলে মনে করে।

ইয়েমেনের সঙ্গে কোনো সীমান্ত না থাকায়, সংযুক্ত আরব আমিরাত সেখানে নিজস্ব মিত্র তৈরি করেছে। বিশেষ করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে সমর্থন দিচ্ছে তারা। এই সশস্ত্র গোষ্ঠী দক্ষিণে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছে। উদার্ন ট্রানজিশনাল কাউন্সিলে সঙ্গে জোটের মাধ্যমে আমিরাত দক্ষিণ আরব উপদ্বীপের কৌশলগত বন্দর ও নৌপথের ওপর নিয়ন্ত্রণ পেয়েছে।

২০২৫ সালের শেষের দিকে স্বার্থের এই ভিন্নতা সরাসরি সংঘর্ষে রূপ নেয়। আমিরাত সমর্থিত গোষ্ঠী দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের ভূখণ্ড দখল করে নেয়, যা সৌদি স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিসেম্বরে এই সংকট চরমে পৌঁছায়। সে সময় সৌদি নেতৃত্বাধীন বাহিনী পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালায়। এ বিষয়ে তাদের দাবি ছিল, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ওই জাহাজে করে অস্ত্র পাঠাচ্ছিল আমিরাত।

সুদান নিয়ে দ্বন্দ্ব

সুদানের গৃহযুদ্ধ নিয়েও দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা চলছে। দেশটিতে গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

২০১৯ সালে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পতনের পর, সৌদি আরব এবং আমিরাত উভয়ই সুদানের রাজনৈতিক পালাবদলকে নিজেদের অনুকূলে গড়ে তুলতে চেয়েছিল। দেশটি যখন সংঘাতের দিকে ধাবিত হচ্ছিল, তখন তাদের পথ ভিন্ন হয়ে যায়।

সৌদি আরব সুদানের সামরিক বাহিনীকে সমর্থন করে এবং এই সমর্থনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষা ও আরো বিশৃঙ্খলা প্রতিরোধের প্রচেষ্টা হিসেবে তুলে ধরে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ মিত্র মিশরের নিরাপত্তা এবং লোহিত সাগরের ক্ষমতার ভারসাম্যের জন্য সুদানের স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন রিয়াদ।

আমিরাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন করার অভিযোগ উঠেছে। এর বিপরীতে প্রমাণ থাকা সত্ত্বেও আমিরাতের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

দ্বন্দ্ব থাকলেও সম্পর্ক ছিন্ন করার লক্ষণ নেই

এই ফাটল হোয়াইট হাউস পর্যন্ত গড়িয়েছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প আমিরাতের শেখ মোহাম্মদকে জানিয়েছিলেন, সুদানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন দেওয়ায় আমিরাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তাকে অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ তাকে । ওই আলাপচারিতার সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

দ্বন্দ্ব থাকলেও সম্পর্ক ছিন্ন করার কোনো ইঙ্গিত দেয়নি দেশ দু’টি। উভয় পক্ষের কর্মকর্তারা এই সম্পর্ককে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ঐতিহাসিকভাবে, সংকটের সময়ে দেশ দুটি ঐক্যবদ্ধ থেকেছে।

সোমবার সংযুক্ত আরব আমিরাত নতুন করে ইরানি হামলার শিকার হওয়ার পর, শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করে ওই হামলার নিন্দা জানান মোহাম্মদ বিন সালমান। আমিরাতের নিরাপত্তা রক্ষায় সংগতিও প্রকাশ করেন তিনি।

তবে আমিরাতের ওপেক ত্যাগ এটাই ইঙ্গিত দেয় যে, ইরানের সঙ্গে যুদ্ধও এই দুই নেতার মধ্যকার উত্তেজনা দূর করতে পারছে না। উপসাগরীয় এই দুই পরাশক্তির মধ্যকার টানাপোড়েনের সম্পর্ক সম্ভবত আগামী বছরগুলোতে এই অঞ্চলের গতিপথকে প্রভাবিত করবে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন