ফ্লাই দুবাইয়ের ঘটনায় কি ইরান জড়িত, যা বললেন নেতানিয়াহু

ফ্লাই দুবাইয়ের ঘটনায় কি ইরান জড়িত, যা বললেন নেতানিয়াহু

ফ্লাই দুবাইয়ের পাইলটকে ছুরিকাঘাত করে বিমান দখলের চেষ্টার ঘটনায় ইরান জড়িত কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার ফ্লাইটটি যাত্রার প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হন প্রধান পাইলট স্মিত মচ্ছর। এরপর বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন সহকারী পাইলট। শেষ পর্যন্ত যাত্রীদের সহায়তায় তাকে আটক করা হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

আহত পাইলট ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাহসিকতার প্রশংসা করেছেন।

নেতানিয়াহু বলেন, হামলাকারীকে সৌদি আরবে আটক করা হয়েছে এবং তাকে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হতে পারে। ইরানের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলাকারীকে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘটনাটিকে ‘জিহাদি সন্ত্রাসী হামলার চেষ্টা’ হিসেবে উল্লেখ করলেও এর পক্ষে বিস্তারিত তথ্য দেননি।

ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে সংঘর্ষের পর দায়িত্বে থাকা ক্রুরা বিমানটি নিরাপদে নিয়ন্ত্রণে নিয়ে সৌদি আরবের তাবুকে অবতরণ করেন। ঘটনার তদন্ত চলছে।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন