মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়ার পর ইতালি সাইপ্রাসকে রক্ষার জন্য একটি ফ্রিগেট মোতায়েন করতে যাচ্ছে। শনিবার এ ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট পাঠাচ্ছি।’ তিনি এটিকে ‘ইউরোপীয় সংহতির পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন, তবে জোর দিয়ে বলেন, ‘ইতালি এই সংঘাতের অংশ নয় এবং হতে চায় না।’
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ক্রু বহনকারী ফেডেরিকো মার্টিনেঙ্গো নামের ফ্রিগেট শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।
মেলোনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কাজ করে উত্তেজনা কমানোর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ায় ইতালি সক্রিয় ভূমিকা রাখছে।
গত বৃহস্পতিবার তিনি জানান, মার্কিন ও ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

