আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

নারী ঘরও সামলাতে পারে, দেশও চালাতে পারে

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

নারী ঘরও সামলাতে পারে, দেশও চালাতে পারে

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নারীরা আজ যেমন ঘর সামলাতে পারে, তেমনি দেশও চালাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর উন্নয়নের জন্য ৩১ দফার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা তিনি করেছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নারী সমাজ এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারা যেন আরো এগিয়ে যেতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে যা করা যায় আমরা পদক্ষেপ গ্রহণ করব।’

পাশাপাশি নারীরা রাজনীতিতেও এগিয়ে যাচ্ছেন। তারা যেন তৃণমূলে বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারেন, সে জন্য তাদের আরো উদ্বুদ্ধ করতে হবে।

জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য ধারণ করে এই অনুষ্ঠানের সহযোগিতা করেন জাতীয় মহিলা সংস্থা, খাদ্য কর্মসূচি ও অন্যান্য সংস্থা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের সদস্সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ অনেকেই।

পরে দপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ভাতা বিতরণ করেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন