ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকতে দেশটির ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করেন, দেশ ভুল পথে এগোচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ হার সর্বোচ্চ। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির জন্য জনমতের এই চিত্র বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এনবিসি নিউজ ডিসিশন ডেস্কের উদ্যোগে সার্ভেমাঙ্কির সহায়তায় পরিচালিত এক নতুন জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

জরিপে অংশগ্রহণকারীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতিই অনাস্থা প্রকাশ করেছেন তারা। তবে অসন্তোষের সবচেয়ে বড় চাপ পড়েছে ক্ষমতাসীন ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ওপর। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো দেশের সঠিক পথে এগোনোর বিষয়ে ইতিবাচক মত দেওয়া মানুষের হার ৩০ শতাংশের নিচে নেমেছে।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্প প্রশাসন অন্য যেকোনো প্রশাসনের তুলনায় বেশি দুর্নীতিগ্রস্ত। যদিও দুই দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ নিয়ে তাদের সন্দেহ রয়েছে। একই সঙ্গে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে ট্রাম্প ব্যর্থ হচ্ছেন বলেও মনে করেন তারা।

জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদে এ জরিপে সর্বনিম্ন। বিপরীতে তার কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টির হার বেড়ে হয়েছে ৬৬ শতাংশ। আরো উদ্বেগজনক বিষয় হলো, ৫১ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের কার্যক্রমের প্রতি ‘ব্যাপক অসন্তুষ্ট’। দ্বিতীয় মেয়াদে এ হারও সর্বোচ্চে গিয়ে ঠেকেছে।

নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কিছুটা বেশি—৩৯ শতাংশ। তবে তাদের মধ্যে ৬১ শতাংশ তার প্রতি অসন্তুষ্ট। কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত, এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৫৫ শতাংশ ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ। এই ব্যবধান আগামী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা বাড়াচ্ছে।

তবে ক্ষমতাসীন দলের প্রতি অসন্তোষ থাকলেও ডেমোক্র্যাটদের প্রতিও মার্কিনদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। জরিপে ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ডেমোক্র্যাটিক পার্টি সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন, আর ৫৭ শতাংশের মত নেতিবাচক। রিপাবলিকান পার্টির ক্ষেত্রে ইতিবাচক মত ৩৭ শতাংশের, বিপরীতে নেতিবাচক মত দিয়েছেন ৬৩ শতাংশ।

anxious-us-citizen
ছবি: সংগৃহীত।

রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন ৭৬ শতাংশে নেমে এসেছে। নিজ দলের মধ্যে তার জনপ্রিয়তা কমার পেছনে বিশেষ করে সেই রিপাবলিকানদের সমর্থন হ্রাস ভূমিকা রেখেছে, যাঁরা নিজেদের মাগা আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দেওয়ার চেয়ে রিপাবলিকান পার্টির সমর্থক হিসেবেই বেশি বিবেচনা করেন।

স্বতন্ত্র ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন মাত্র ২১ শতাংশ। ২০২৪ সালের নির্বাচনে এক শতাংশ ব্যবধানে ট্রাম্পকে সমর্থন করা ৩০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে বর্তমানে তার সমর্থন ২৮ শতাংশ। লাতিনো জনগোষ্ঠীর মধ্যে, যাদের সমর্থনও ২০২৪ সালে ট্রাম্পের দিকে ঝুঁকেছিল, তার জনপ্রিয়তা এখন ৩১ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের নীতিগুলো দেশের ক্ষতি করছে। বিপরীতে ২৮ শতাংশ মনে করেন, এসব নীতি দেশের উপকার করছে। বাকি ১৪ শতাংশের মতে, এসব নীতির তেমন কোনো প্রভাব নেই।

বিভিন্ন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডের মূল্যায়নেও নেতিবাচক চিত্র দেখা গেছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার প্রতি সমর্থন মাত্র ২৭ শতাংশ। ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনায় সমর্থন ২৯ শতাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তার ভূমিকার প্রতি সমর্থন ৩৩ শতাংশ। সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতিতে তার সমর্থন তুলনামূলক বেশি—৪৩ শতাংশ।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের প্রধান কারণ অর্থনীতি। জরিপে ৩১ শতাংশ উত্তরদাতা অর্থনীতিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। নিজেদের আর্থিক অবস্থার বিষয়ে ১৮ শতাংশ বলেছেন, এক বছর আগের তুলনায় তারা এখন ভালো আছেন। ৩৮ শতাংশের মতে, তাদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। অন্যদিকে ৪৪ শতাংশ জানিয়েছেন, এক বছর আগের তুলনায় তাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে।

জরিপের ফলাফল বলছে, ট্রাম্পের প্রতি সমর্থন কমে যাওয়া এবং অর্থনীতি নিয়ে মানুষের অসন্তোষ আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাদের একদিকে ট্রাম্পের সমর্থকদের ভোটকেন্দ্রে টানতে হবে, অন্যদিকে তার প্রশাসনের বিরোধীদের আরো দূরে ঠেলে দেওয়া থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: এনবিসি নিউজি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন