সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছি: এমিনি এরদোয়ান

উজবেকিস্তানের সমরকন্দে অবস্থিত ইমাম বুখারির মাজার জিয়ারত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার শিশুদের কল্যাণবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সমরকন্দে অবস্থানকালে তিনি ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া করেন তিনি।

পরে কমপ্লেক্সের জাদুঘর ঘুরে দেখেন এমিনি এরদোয়ান। এ সময় তিনি ঐতিহাসিক নিদর্শনগুলো দেখেন এবং ইমাম বুখারির জীবন সম্পর্কে বিস্তারিত জানেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমিনি এরদোয়ান বলেন, সমরকন্দের ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে তারা এক আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন। হাদিসশাস্ত্রে জীবন উৎসর্গ করা এই মহান মনীষীর স্মৃতি ধারণ করে রাখা স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁদের।

ইমাম বুখারিকে স্মরণ করে তিনি আরো বলেন, ইসলামী সভ্যতায় অনন্য অবদান রাখা এই মনীষী শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে পথ দেখিয়ে আসছেন। তিনি ইমাম বুখারির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোয়াত মির্জিয়োয়েভা, লেবাননের প্রেসিডেন্টের স্ত্রী নিমেত আউন, কিরগিজস্তানের প্রেসিডেন্টের স্ত্রী আইগুল জাপারোভা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন এবং নুন এডুকেশন অ্যান্ড কালচার ফাউন্ডেশনের বোর্ড চেয়ারওম্যান এসরা আলবায়রাক।

সমরকন্দে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথ’ শীর্ষক বিশ্ব সম্মেলনে অংশ নিতে গিয়েছেন এমিনি এরদোয়ান।

তথ্যসূত্র: টিআরটি ও আনাদোলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন