ইসরাইলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে “মানচিত্র থেকে মুছে ফেলার” আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জেরুজালেমে বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রামের ওপর প্রতিশোধমূলক হামলার দাবি তুলেছেন।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্মোট্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জেরুজালেমে "ভয়াবহ এবং মারাত্মক" হামলার নিন্দা জানান, যেখানে ইসরাইলি কর্মকর্তাদের মতে, দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা হামলায় অংশ নিয়েছে।
তিনি লেখেন, “ইসরাইল রাষ্ট্র এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মেনে নিতে পারে না যারা তার সন্তানদের ইহুদিদের হত্যা করতে উৎসাহ দেয় এবং তাদের সেইভাবেই শিক্ষিত করে।”
স্মোট্রিচ আরও বলেন, “ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। আর যেসব গ্রাম থেকে হামলাকারীরা এসেছে, সেগুলো যেন গাজার বিধ্বস্ত শহর রাফাহ ও বেইত হানুনের মতো চেহারা ধারণ করে।”
এই মন্তব্যের মাধ্যমে স্মোট্রিচ ফিলিস্তিনের বিরুদ্ধে আরও কঠোর এবং সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন। তার এই আহ্বান ইসরাইলি রাজনীতিতে উগ্রপন্থি অবস্থানেরই প্রতিফলন, যা পশ্চিম তীর ও গাজায় উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


