আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলোচনার টেবিলে ইরান কি শক্তিশালী হয়ে উঠছে

আল আসাদ

আলোচনার টেবিলে ইরান কি শক্তিশালী হয়ে উঠছে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা চালাচ্ছে। যদিও ইরানের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছেন। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমাতে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি ইরানের।

গত কদিনে মিসর, তুরস্ক ও পাকিস্তান গোপনে আমেরিকান ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ করছেন বলে দুজন সিনিয়র কূটনীতিক আলজাজিরাকে জানিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আদৌ হবে কি না, তা নিয়ে সন্দিহান।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ইরানের লক্ষ্য এখন কেবল যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পর এমন একটি অবস্থা তৈরি করাÑযা মধ্যপ্রাচ্য তো বটেই, বরং পশ্চিমেও ভীতি প্রতিষ্ঠা করবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করবে।

যুদ্ধবিরতি আলোচনা হলে ইরানের নেতৃত্ব আমেরিকার কাছে নিজেদের দাবির বিষয়ে এখন যেকোনো সময়ের চেয়ে কঠোর হবে। যদিও আমেরিকা ও ইসরাইলের দাবি, টানা হামলায় ইরানের সামরিক সক্ষমতা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগন বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতার ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইরান দেখিয়েছে, তারা চাইলে এখনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

বিশ্বের ২০ শতাংশ তেল রপ্তানির পানিপথ হরমুজ প্রণালিতে এখন আটকে আছে শত শত জাহাজ। পুরো অঞ্চলজুড়ে ইরান নিজেদের সামর্থ্য দেখানোর নীতি গ্রহণ করেছে।

গত সপ্তাহে ইরানের সামরিক বাহিনী কাতারের প্রধান গ্যাস স্থাপনায় হামলা চালিয়ে এর রপ্তানি ক্ষমতার ১৭ শতাংশ ধ্বংস করেছে। এছাড়াও ইরানের নাতাঞ্জ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার পর দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা পেরিয়ে ইসরাইলের দক্ষিণের শহর আরাদ ও ডিমোনা লক্ষ্য করে আঘাত হানে।

ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, তারা ইরানের ওপর হামলা না করার দৃঢ় নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য নতুন নিয়ন্ত্রক কাঠামো চায়।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোরতাজাভি বলেন, তেহরান যুদ্ধ নিজেদের শর্তে শেষ করতে চাইবে এবং একইসঙ্গে নিষেধাজ্ঞা শিথিল, ক্ষতিপূরণ ও অর্থনৈতিক প্রভাব অর্জনের চেষ্টা করবে।

মোরতাজাভি বলেন, হরমুজ প্রণালির ওপর এই নিয়ন্ত্রণ তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তারা যাতায়াতের জন্য ফি নির্ধারণ করেতে পারেÑএমন আলোচনা চলছে ইরানে।

বিশ্লেষকরা বলছেন, ইরান সম্ভবত কোনো বড় ছাড়পত্র ছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না। কারণ, ইরান মনে করছে যুদ্ধের ফলে তাদের কিছু অর্থনৈতিক ছাড়পত্র মিলেছে ।

আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করার জন্য যেসব কারণ উল্লেখ করেছিলেন, তার একটি হলো তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। যদিও তিনি গত বছরের ১২ দিনের যুদ্ধে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবি করেছিলেন।

গত শুক্রবার ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে সমুদ্রের ওপর থাকা ১৪ কোটি ব্যারেল ইরানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

এদিকে আমেরিকা ও ইসরাইলি হামলায় ইরানি নেতৃত্বের শীর্ষ কর্মকর্তাদের নিহত হওয়ার পর কোনো শান্তিচুক্তির আলোচনা হলে দায়িত্বে কে থাকবেন, তা নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে অন্য দেশের সঙ্গে মধ্যস্থতাকারীদের কেন্দ্রবিন্দুতে ছিলেন আলি লারিজানি, যিনি ইসরাইলি হামলায় নিহত হন।

মঙ্গলবার ইরান মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক শীর্ষ কমান্ডার। রাজনৈতিক বিশ্লেষক বাবাক বহদাদের মতে, সামনের কোনো আলোচনায় জোলঘাদর নিবিড়ভাবে যুক্ত হবেন।

কজন বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে, জ্বালানি তেলের বাজার শান্ত করতেই ট্রাম্প ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একইসঙ্গে ট্রাম্প স্থলসেনা পাঠানোর পরিকল্পনা করছেন কি না, তা এখনো অস্পষ্ট থাকলেও তিনি পারস্য উপসাগরের উত্তরে ইরানের কার্গ দ্বীপ দখল করার চিন্তা করছেন, যেখান থেকে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক বিজ্ঞান প্রফেসর আব্দুল খালেক আব্দুল্লাহ বলেন, উপসাগরীয় দেশগুলো এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এমন পরিস্থিতি কখনই মেনে নেবে না, যেখানে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রাখবেÑযা ভবিষ্যতে উপসাগরের তেল রপ্তানিতে ইরানকে সর্বোচ্চ সুবিধা দেবে।

সবশেষ আমেরিকা-ইরানের মধ্যে কোনো শান্তিচুক্তির আলোচনা হলে ইরান নিজেদের পক্ষে এমন ছাড় চাইবে, যা আমেরিকা ও উপসাগরীয় দেশগুলো মেনে নিতে পারবে না বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন