দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ উত্তর কোরিয়া-চীনের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ উত্তর কোরিয়া-চীনের
ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ‘সুদূরপ্রসারী পরিকল্পনা’ গ্রহণ করেছে চীন ও উত্তর কোরিয়া। বুধবার এ কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। গত সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন। এ সফরে এই পরিকল্পনা গ্রহণ করা হয়।

শি জিনপিংয়ের এই সফর এমন সময়ে হলো, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া ইতোমধ্যে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে একটি দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কেসিএনএ আরো জানিয়েছে, দুই দিনের এই সফরে উত্তর কোরিয়া ও চীন তাদের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করেছে এবং উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে বিশ্বের অন্যতম শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক হিসেবে গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

সফর শেষে কিম জং উনকে পাঠানো এক চিঠিতে জিনপিং বলেন, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছেন।
জিনপিং তার চিঠিতে বলেন, এই বৈঠক দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরো সুদৃঢ় করা, যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়া এবং আঞ্চলিকসহ বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে উভয় পক্ষের দৃঢ় সংকল্পের প্রতিফলন।

সূত্র: বিএসএস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন