তুরস্কে ২ হাজার বছরের পুরনো ভবনের সন্ধান

তুরস্কে ২ হাজার বছরের পুরনো ভবনের সন্ধান

দক্ষিণ-পশ্চিম তুরস্কের প্রাচীন শহর লাওদিসিয়ায় দুই হাজার বছরের পুরনো ভূগর্ভস্থ একটি সমাবেশ ভবন আবিষ্কৃত হয়েছে। এই ভবনকে প্রাচীন মহানগরীর প্রশাসনিক কেন্দ্র বলে ধারনা করা হচ্ছে। খবর ডেইলি নিউজের।

চলতি বছর খনন চালিয়ে মাটির নিচ থেকে এই ভবনটি আবিষ্কার করা হয়। একে লাওদিসিয়ার ২২ বছরের প্রত্নতাত্ত্বিক ও পুনরুদ্ধার প্রচেষ্টার একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিকদের ধারনা, এটি শহরের রাজনৈতিক ও বিচার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

বিজ্ঞাপন

খননের ফলে সমাবেশ ভবনের পঞ্চভুজাকার দেয়াল এবং ষড়ভুজাকার পরিকল্পনা আবিষ্কৃত হয়। এমনটা প্রাচীন আনাতোলিয়ায় আগে দেখা যায়নি।

খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষের দিকে নির্মিত এই সমাবেশ ভবনে ৬০০ থেকে ৮০০ সদস্যের ধারণক্ষমতা ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী পর্যন্ত এটি ব্যবহার করা হতো। আসনগুলোতে অনেক নাম খোদাই করা আছে। এই নামগুলো পরিষদের প্রবীণ, যুবক এবং নাগরিকদের চিহ্নিত করতো।

আসনে বসে থাকা একটি মূর্তি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, এই মূর্তিটি একজন প্রধান বিচারকের।

তুরস্কের প্রাচীন শহর লাওদিসিয়া লাইকাস নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি দেনিজলি শহরের কাছে অবস্থিত। লাওদিসিয়া আগে কারিয়া এবং লিদিয়ার হেলেনিস্টিক অঞ্চলে অবস্থিত ছিল এবং পরে রোমান প্রদেশের অংশ হয়। এখানে প্রাচীন থিয়েটার, স্টেডিয়াম, মন্দির এবং অন্যান্য স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

লাওদিসিয়ায় এরআগের আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রের মধ্যে রয়েছে জটিলভাবে আঁকা ট্র্যাভার্টাইন ব্লক, বিশিষ্ট রোমান সম্রাট ট্রাজানের ৩ মিটার লম্বা একটি মূর্তি, ট্রাইয়ান ফাউন্টেন, একজন পুরোহিতের মাথার একটি মূর্তি।

এরআগে তুরস্কের কাপাদোকিয়া অঞ্চলে আবিষ্কৃত হয় একটি প্রাচীন ভূগর্ভস্থ শহর, যার নাম ডেরিংকুয়ো সিটি। ইতিহাসবিদদের মতে, এই শহরটির বয়স প্রায় ৩,০০০ বছর বা তারও বেশি, যা মানব সভ্যতার প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন