অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর সাথে অবৈধ বসতি স্থাপনকারী কট্টরপন্থী ইহুদীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার একটি সামরিক ঘাঁটির বাইরে এ সংঘর্ষ হয়। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, একটি নিরাপত্তা স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে চরমপন্থী ইহুদীরা।
পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা গত কয়েকদিন ধরে স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরাইলি সেনাবাহিনী। কট্টরপন্থী ইহুদিদের নিয়ন্ত্রণ করতে গেলে ইসরাইলি সেনাদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তা দাঙ্গায় রূপ নেয়। সামরিক বাহিনী জানিয়েছে, চরমপন্থীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পিপার স্প্রে ছোড়ে এবং সামরিক যানবাহন ভাঙচুর করে।
এরকম একাধিক ঘটনায় কমপক্ষে ১১ জন ইসরাইলিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার, সেনাদের সাথে সংঘর্ষের সময় একজন ইসরাইলি কিশোর গুলিবিদ্ধ হয়।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি এই অঞ্চলে প্রায় পাঁচ লাখ ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাথে বাস করে একটি দ্বি-স্তরের আইনি ব্যবস্থার অধীনে। যাকে কিছু মানবাধিকার গোষ্ঠী বর্ণবাদের সাথে তুলনা করেছে। তবে এই অভিযোগের বিরোধিতা করেছে ইসরাইল।
সবচেয়ে উগ্র, কট্টরপন্থী বসতি স্থাপনকারীরা পাহাড়ের চূড়ায় বাস করে। এখান থেকে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত চরমপন্থী আক্রমণ চালানো হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



