ভারতের গুজরাটের ভরুচ জেলায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে ভরুচ জেলার ভাঘরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভরুচের মহকুমা প্রশাসক মনীষা মানানি জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে চুল্লির ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কারখানার বিভিন্ন স্থানে যন্ত্রপাতির ভাঙা অংশ ছড়িয়ে পড়ে।
তিনি জানান, মাত্র এক বছর আগে সায়খায় স্থাপিত কারখানাটিতে ওষুধশিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করা হয়।
ভরুচের পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা বার্তা সংস্থা পিটিআইকে জানান, বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।
শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা জানান, কারখানায় হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণ ঘটে এবং এর ফলে মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস ছড়িয়ে পড়ে।
ঘটনার পর গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


