বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ। দুই বছর আগে এ হার ছিল ৩৬ শতাংশ। সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করেন। দেশটির দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক মনোভাববিষয়ক জরিপ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’-এ এ চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে বেশি উদ্বেগের কারণ মনে করেন ৬২ শতাংশ ব্রিটিশ। তবে রাশিয়াকে হুমকি মনে করেন ৮৯ শতাংশ। এ ছাড়া ইসরাইলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ এবং ইরানকে ৭৫ শতাংশ।
প্রতিবেদনটির লেখক সোফিয়া গ্যাস্টন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশদের মধ্যে মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে সংশয় এ পরিবর্তনের পেছনে কাজ করেছে। তার মতে, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা এখন ব্রিটিশদের সামষ্টিক চিন্তাভাবনার কেন্দ্রে চলে এসেছে।
ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে ব্রিটিশরা
জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ রক্ষায় পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বেশি কার্যকর মনে করেন ৪২ শতাংশ ব্রিটিশ। বিপরীতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে মত দিয়েছেন মাত্র ৯ শতাংশ।
সামরিক ও প্রতিরক্ষা স্বার্থের প্রশ্নেও ৩৭ শতাংশ পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ। আর ৩৯ শতাংশ মনে করেন, উভয় পক্ষের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা উচিত।
আগামী ২০ নভেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক পুনর্গঠনবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোফিয়া গ্যাস্টন বলেন, ব্রেক্সিট-পরবর্তী সময়ের তুলনায় ব্রিটিশরা এখন ইউরোপের প্রতি বেশি ইতিবাচক। সংঘাতপূর্ণ বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট হয়েছে এবং বাস্তবভিত্তিক সম্পর্কের গুরুত্বও বেড়েছে। তবে প্রতিরক্ষার ক্ষেত্রে ইউরোপ বনাম আমেরিকা—এমন দ্বিমুখী অবস্থানকে ব্রিটিশরা সমর্থন করেন না। বরং ভারসাম্য, সক্ষমতা ও নমনীয়তার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে নিরাপত্তা জোট বজায় রাখার প্রয়োজনীয়তা তারা বোঝেন।
এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া রেকর্ড ৫৬ শতাংশ মানুষ। ২০ বছর আগে এ হার ছিল ২৮ শতাংশ।
তবে প্রয়োজনের সময় সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহকে গুরুত্বপূর্ণ মনে করেন ৩৫ বছরের কম বয়সীদের মাত্র ২২ শতাংশ। ৫৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এ হার ৪৩ শতাংশ।
সূত্র: স্কাই নিউজ
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


