আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না তার দেশ। ইরানের প্যারালিম্পিক দলের সদস্যদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে পেজেশকিয়ান এ কথা বলেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে আসার জন্য দেশটির নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘যতই সমস্যা সৃষ্টি করা হোক না কেন, আমরা মাথা নত করব না।’

তিনি বলেন, ‘বিশ্বশক্তিগুলো কাপুরুষের মতো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু আমরা এই সমস্যার সামনে মাথা নত করব না।’

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করে। এছাড়া গত সপ্তাহে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফায় আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেন, ‘একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করা হচ্ছে, যা ওয়াশিংটনে পাঠানো হবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন