রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বৈকাল হ্রদ থেকে সাত চীনা পর্যটক ও এক রুশ চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শীতে জমে যাওয়া হ্রদটির ওপর চলার সময় গত শুক্রবার তাদের বহনকারী মিনিবাসটি হঠাৎ বরফ ভেঙে নিচে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মিনিবাসটি হ্রদের প্রায় ৫৯ ফুট গভীরে তলিয়ে যায়। বাস ও লাশ খুঁজে পেতে ডুবুরিদের পানির নিচে ব্যবহারযোগ্য বিশেষ ক্যামেরা ব্যবহার করতে হয়েছে। খবর বিবিসির।
বিশ্বের গভীরতম হ্রদ হিসেবে পরিচিত বৈকালের সর্বোচ্চ গভীরতা ১ হাজার ৬৪২ মিটার (৫ হাজার ৩৮৭ ফুট)। প্রচণ্ড শীতের সময় এ হ্রদের পানি অনেকটাই বরফ হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। তবু এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
রাশিয়ার ইরকুতস্ক শহরের গভর্নর ইগর কোবজেভ নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
গভর্নর কোবজেভ বলেন, মিনিবাসটি শুক্রবার প্রায় তিন মিটার চওড়া একটি বরফের ফাটলে পড়ে যায়। এ মুহূর্তে বৈকাল হ্রদের বরফের ওপর ভ্রমণে যাওয়াটা শুধু নিষিদ্ধই নয়, প্রাণঘাতীও।
পর্যটকদের বৈকালে ভ্রমণের ক্ষেত্রে অনুমোদিত ভ্রমণ পরিচালনাকারী ছাড়া অন্য কারও সহায়তা না নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

