ফিলিপাইনে একটি বিমান ঘাঁটিতে প্রশিক্ষণের সময় আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। শনিবার ফিলিপাইন বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে।
বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিঙ্গুইয়ান এক বিবৃতিতে জানান, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো এয়ার বেসে একক প্রপেলারযুক্ত এসএফ-২৬০ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান এই দুর্ঘটনার শিকার হয়।
উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয় এবং এতে অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিমান বাহিনী।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর বহরে থাকা অন্য এসএফ-২৬০ মডেলের বিমানগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ফিলিপাইনের সামরিক বিমানে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। এর আগে গত মে মাসে উত্তর ফিলিপাইনের বেনগুয়েত প্রদেশে আরেকটি এসএফ-২৬০ বিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হলে দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


