ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

নরসিংদীর রায়পুরায় কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রায়পুরা উপজেলার পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নীরব মিয়া (১৯) এবং সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নীরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে যোগ দিতে যান। অনুষ্ঠান শেষে নীরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নীরব মারা যান।

এদিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

পরে শুক্রবার রাতেই দুই বন্ধুর লাশ নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর শনিবার দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন