যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ইরান প্রস্তুত, তবে তার আগে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, চাপ, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ইরানকে তার সার্বভৌম অধিকার থেকে সরানো যাবে না। খবর আনাদোলুর।
শনিবার বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরাগচি বলেন, ‘ইরান চাপ, হুমকি ও ভয়ভীতি মেনে নেয় না এবং চাপের মুখে তার সার্বভৌম অধিকার ছাড়বে না। তবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ভিত্তিতে সংলাপে বসতে ইরান প্রস্তুত।’
তিনি দাবি করেন, গত দুই বছর ধরে ইরান আন্তরিকতার সঙ্গে আলোচনা চালিয়েছে। কিন্তু প্রতিবারই কূটনৈতিক প্রচেষ্টার পর সামরিক হামলার ঘটনা ঘটেছে। ফলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর নিশ্চয়তা ছাড়া আলোচনা পুনরায় শুরু করা নিয়ে তেহরানের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে।
তবুও তেহরান কূটনীতির দরজা খোলা রেখেছে বলে জানান আরাগচি।
তিনি কাতারের মাধ্যমে পূর্বে দেওয়া সাত দিনের একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করা হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব এবং সেখানে স্বাভাবিক নৌ-চলাচল ব্যবস্থা ফিরিয়ে আনা যেতে পারে।
এ সময় পাকিস্তানের মধ্যস্থতা ও কাতারের সহযোগিতায় গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতার কথাও উল্লেখ করেন তিনি। আরাগচির দাবি, সমঝোতাটি বাস্তবায়নের দুই সপ্তাহের মধ্যে সমুদ্রপথে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের প্রায় ৬০ শতাংশে পৌঁছেছিল। তবে পরে এর বাস্তবায়ন থমকে যায়।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


