পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত।

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ৪৬ লাখ মানুষ মাঝারি থেকে তীব্র কম্পন অনুভব করেছেন। সংস্থাটির ধারণা, ভূমিকম্পটির প্রভাব বিস্তৃত এলাকায় পড়তে পারে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টার কিছু আগে (বাংলাদেশ সময় শনিবার রাত ৩টা) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-মধ্য পানামার পিতালোজা আরিবা শহরের প্রায় ১০ কিলোমিটার দূরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পেনোনোমে ও সোনাসহ বিভিন্ন শহরে ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা জানতে এক ব্যক্তিকে ডাকাডাকি করতে দেখা যায়।

যাচাই করা ভিডিওতে পেনোনোমের একটি গির্জার এক পাশ ও এর একটি চূড়া ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। অন্য একটি ভিডিওতে স্থানীয় একটি হোটেল প্রায় পুরোপুরি ধসে পড়তে দেখা যায়।

দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের বাসিন্দা রিকার্ডো ব্রাউন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লাস মিনাস এলাকায় তাঁর প্রতিবেশীদের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭৪ বছর বয়সী ব্রাউন বলেন, ‘আমরা আতঙ্কিত। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ থাকি। বাড়িতে ফাটল ধরেছে। ভয় হচ্ছে, এটি আমাদের ওপর ধসে পড়তে পারে।’

ভূমিকম্পে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। মূল ভূমিকম্পের পর আশপাশে বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাতও অনুভূত হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। সাধারণত ভূমিকম্পের উৎপত্তিস্থল যত কম গভীরে হয়, ভূপৃষ্ঠে এর ধ্বংসাত্মক প্রভাবের আশঙ্কা তত বেশি থাকে।

ভূমিকম্পের পর রাজধানী পানামা সিটির বিভিন্ন ভবন থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই শহরে কম্পন থামা পর্যন্ত অনেককে রাস্তায় ও কাছের পার্কগুলোতে অবস্থান করতে দেখা যায়।

রাজধানীতে ক্ষয়ক্ষতি মূলত ভবনের ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় তার সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। তিনি বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।’

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...