পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরে বিরোধী নেতার জরিমানা

পার্লামেন্টে মিথ্যা বলায় সিঙ্গাপুরে বিরোধী নেতার জরিমানা

সিঙ্গাপুরের পার্লামেন্টে মিথ্যা বলার দায়ে দেশটির বিরোধীদলীয় এক নেতাকে জরিমানা করেছে আদালত। সোমবার প্রীতম সিং নামে বিরোধী ওয়ার্কার্স পার্টির ওই নেতাকে এ জরিমানা করে সিঙ্গাপুরের একটি ডিস্ট্রিক্ট আদালত।

ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি প্রীতম সিংকে সহযোগী এক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে তদন্তে পার্লামেন্টারি কমিটির কাছে মিথ্যা তথ্য দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়। মিথ্যা বলার দায়ে আদালত তাকে সাত হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি ৬ লাখ ৩১ হাজার ৭৭৮ টাকা) জরিমানা করে।

বিজ্ঞাপন

আদালতের বাইরে প্রীতম সিং সাংবাদিকদের বলেন, ‘বিরোধী রাজনীতির পথে চলা কোনো ভীরু লোকের কাজ নয়। সামনের নির্বাচন সহজ হবে না। আমরা কঠিন লড়াই করব।’ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান প্রীতম সিং।

চলতি বছরের নভেম্বরে সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনের কথা রয়েছে। এর আগে ২০২০ সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টের ৯৩ আসনের মধ্যে ৮৩ আসনে জয়লাভ করে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি-পিএপি। অন্যদিকে বিরোধী ওয়ার্কার্স পার্টি পায় ১০টি আসন।

ক্ষমতাসীন পিএপি ১৯৫৯ সাল থেকেই ছোট এই নগর রাষ্ট্রটি শাসন করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন